সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা ৬ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ, পাথর, গরু, বারকী নৌকা এবং ইঞ্জিন নৌকা আটক করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৩১ জানুয়ারি সোমবার দুপুর ১২ টার সময় লাউরগড় বিওপির একটি টহল দল তাহিরপুর উপজেলা সীমান্তের নদী জাদুকাটা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে ৪০ ঘনফুট ভারতীয় পাথর, ৪টি বারকী নৌকা এবং ১টি ইঞ্জিন নৌকা আটক করে।
একই দিনে সকালে ডুলুরা বিওপির একটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ আটক করে। একই সময়ে ধর্মপাশা উপজেলার মাটিরাবন বিওপির আরেকটি টহল দল ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান থেকে ৯টি ভারতীয় গরু আটক করে।
বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির আরেকটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সোনাতলা থেকে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভারতীয় পাথর, গরু, বারকী নৌকা এবং ইঞ্জিন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



