সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। তাদের গুলি-মারধরে এক যুবক ও এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় টেকেরঘাট সীমান্তবর্তী এলাকাবাসী ও বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার দুপুরে এ গুলি-মারধরের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিদয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৭)। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত হনুফা বেগম নামের বৃদ্ধা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান হনুফা বেগম নামের এক বৃদ্ধা। এ সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের ১৫ থেকে ২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে বিএসএফ সদস্যরা চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: মাহবুবুর রহমান বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় বিএসএফের লাঠির আঘাতে একজন নারী আহত হয়েছেন। আরো একজনে শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। আমরা ইতোমধ্যে পতাকা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে লিখিত প্রতিবাদ পাঠানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



