বেশ ভালো বিপদেই পড়েছেন ক্রিকেটার আল আমিন হোসেন। জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে থাকা এই পেসারের নামে চলতি মাসের শুরুতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করায় মামলা দায়ের করা হয়। যে মামলা থেকে অগ্রীম জামিন পেয়েছেন তিনি।
কিন্তু এতেও মেলেনি শান্তি। গতকাল জামিন মেলার পর আজ (৭ সেপ্টেম্বর) নতুন মামলা হয়েছে আল আমিনের নামে। এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহান এবার পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে আরেকটি মামলা দায়ের করেছেন।
প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছেন ইসরাত জাহান। ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়াও শুনানির পর অভিযোগ আমলে নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর আল আমিনকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
নতুন দায়ের করা মামলায় এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত অভিযোগে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। এছাড়া গত ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না এবং ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে।
এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ইসরাত জাহান। তবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেওয়া এবং প্রতি মাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন তিনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



