মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ একজনকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌর শহরের ইমপালস ডায়াগনস্টিক সেন্টার, ইউনিএইড ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাহ্মণবাজারের হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালাসহ ১ জনকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিনদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদফতর। ওই নির্দেশনা অনুযায়ী কুলাউড়া শহর ও ইউনিয়ন এলাকায় বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
এ সময় সরকারি বিধি উপেক্ষা করে অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একইসাথে ডিগ্রি ছাড়া অবৈধভাবে রক্ত সঞ্চালনের অপরাধে ব্রাহ্মণবাজারের হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের এক কর্মচারীকে আটক করা হয়।
অভিযান শেষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, আরএমও ডা. জাকির হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন, কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদসহ থানার পুলিশ ফোর্স।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



