মৌলভীবাজারে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট থাকায় ভোটগ্রহণে ধীর গতি দেখা দিয়েছে। ইভিএম মেশিন নষ্ট থাকায় ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ফুলতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ৪ ও ২ নম্বর কক্ষে দুটি মেশিন নষ্ট হয়ে যায়।
ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইমতিয়াজ গফুর মারুফ বলেন, ‘লাইন ধীরে ধীরে লম্বা হচ্ছে। সেই অনুপাতে ভোট কাস্ট হচ্ছে না। এতে করে ভোটারদের মনে অসন্তোষ দেখা দিচ্ছে। অনেক ভোটার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে এখনেও ভোট দিতে পারেননি। এজন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।’
সরেজমিনে সকাল ১০ টা ৫০ মিনিটে দেখা গেছে, ১ নম্বর কেন্দ্রের ৪ ও ২ নম্বর কক্ষে ইভিএম মেশিন নষ্ট থাকায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে ভোট দিতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। ভোট দিতে আসা নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। এদিকে দুই নম্বর কেন্দ্র ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত চার বুথে এক হাজার ২৮৫ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২২২টি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোট দিতে আসা সাইস্তা বেগম নামে এক নারী ভোটার কক্ষে প্রবেশ করে ইভিএম মেশিন সম্পর্কে ধারণা না থাকায় মেশিনে ফিঙ্গার দিতে গিয়ে ভয়ে মেশিনসহ পড়ে যান এবং সঙ্গে সঙ্গে ইভিএম মেশিনের তার ছিড়ে যায়।’
ফুলতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মৃনাল কান্তি দাস বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ইভিএমের দুটি মেশিন নষ্ট থাকায় ভোটগ্রহণে সাময়িক বিলম্ব হয়েছে। কেন্দ্রের ৪ নম্বর কক্ষে ২৬ ভোট ও ২ নম্বর কক্ষে ২৯ ভোট কাস্ট হয়েছে। চারটি বুথ মিলে মোট এক হাজার ৪৪৪ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৭২টি। মেশিনের কারিগরি ত্রুটির জন্য উপজেলা থেকে দক্ষ টেকনিশিয়ান আনা হয়েছে। নষ্ট দুটি ইভিএম মেশিন পরিবর্তন করে নতুন দুটি মেশিন বুথে দেওয়া হয়েছে। এখন ভোটগ্রহণ চলছে।’
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘ইউনিয়নের ১১টি কেন্দ্রে মোট ভোটার ১৩ হাজার ৩৫৬ জন। আমরা টেকনিশিয়ান পাঠিয়েছি, তারা কাজ করছে। শীতের দিন থাকায় ইভিএম মেশিনের গতি কিছুটা কম। তাছাড়া ভোটারদের হাতের সঙ্গে ইভিএম মেশিনের ম্যাচিং হতে একটু সমস্যা হচ্ছে। তাই ভোট গ্রহণে কিছুটা ধীরগতিতে হচ্ছে।’
ফুলতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মো. মাসুক আহমদ, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু ও আনারস প্রতীকে মো. মোস্তফা মিয়া। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



