ডায়াবেটিস রোগীদের সবসময়ই খাবারে রাখতে হয় বাড়তি সতর্কতা। তবে যাদের ডায়াবেটিস নেই তারা যেন ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত না হয় তার জন্য রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পারাটাও গুরুত্বপূর্ণ। খাবারে বেশকিছু পুষ্টি উপাদানকে প্রাধান্য দিলে সহজেই এই সমস্যার সমাধান করা যায়।
বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরে রক্তে শর্করার মাত্রা নির্ভর করে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করার মাত্রার ওপর কতটা প্রভাব ফেলে তার ওপর। এ বিষয়টি সাধারণত গ্লাইসেমিক লোড ও গ্লাইসেমিক ইনডেক্স নামক দুটি বিষয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
তাই খাবারে এমন কোনো খাবারকে প্রাধান্য দেওয়া উচিত নয়, যেগুলো খেলে হঠাৎই রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কেননা এ প্রবণতা আমাদের অনেকটা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
ডায়াবেটিস এমন একটি জটিল রোগ যা শরীরে একবার বাসা বাঁধলে আমৃত্যু একে বয়ে বেড়াতে হয়। এ ছাড়া এই রোগটি এমন এক ব্যাধি যা আরও একাধিক রোগের কারণ হয়ে দাঁড়ায়।পুষ্টিবিদরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ব্যাধিটি এড়াতে তাই আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
প্রতিদিনের খাদ্যাভাসে ফাইবারসমৃদ্ধ খাবার প্রাধান্য দিন। বিশেষজ্ঞদের মতে, ফাইবার ধীরে ধীরে পাচিত হয়। এ কারণে শরীরে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা এক্ষেত্রে অনেকটাই কমে আসে। যদি অন্য খাবারের প্রতি একান্তই আসক্তি থাকে তবে সেসব খাবার গ্রহণের আগে ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন তারা।
খাবার গ্রহণের সময় একবারে বেশি খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বারবার খাবার গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। তারা মনে করেন, খাবার গ্রহণের এই প্রক্রিয়া রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।
অনেকেরই বদঅভ্যাস রয়েছে খাবার গ্রহণের পরপরই বসে বা শুয়ে থাকার প্রবণতা। এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাওয়ার পর অন্তত ১০ মিনিট বসে বা শুয়ে থাকা যাবে না। এই সময়টা ধরিগতিতে হাঁটার অভ্যাসে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
দৈনন্দিন জীবনে ব্যায়ামের ওপরও গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তবে কর্মব্যস্ততার কারণে যারা ব্যায়াম করার সময় ও সুযোগ কোনোটিই পাচ্ছেন না তাদের অন্তত প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



