তাইজুলের স্পিন ঘুর্ণিতে দিশেহারা পাকিস্তান। ৭ পাকিস্তান ব্যাটারকে সাজঘরের পথ ধরিয়েছেন এই বাঁহাতি স্পিনার। মূলত এই স্পিনারের ঘূর্ণিতে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ লিড পেয়েছে ৪৪ রানের।
পঞ্চম শিকার হাসান আলি (১২ রান)। ষষ্ঠ শিকার নুমান আলি (৮ রান)। পাকিস্তানের বিপক্ষে ইনিংসে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেয়ার স্বাদ পান তাইজুল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৮৬। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান।
অবশেষে ফিরলেন আবিদ
সকাল থেকে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। তবে একপ্রান্তে অবিচল ছিলেন আবিদ আলি।
সেঞ্চুরি তুলে নিয়ে এগোচ্ছিলেন দেড়শ’র পথে। পাকিস্তান ওপেনারকে সেদিকে ছুটতে দেননি তাইজুল ইসলাম। এলবিডব্লিউ করে আবিদকে সাজঘরে ফেরান তাইজুল। ২৮২ বলে ১৩৩ রান করেন আবিদ।
এবাদতের শিকার রিজওয়ান
তৃতীয় দিনের শুরুর ছন্দ ধরে রেখে লাঞ্চ বিরতির পর মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেয়ার আনন্দে ভাসে বাংলাদেশ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে রিজওয়ানকে (৫ রান) ফেরান পেসার এবাদত হোসেন।
বাংলাদেশের দুর্দান্ত প্রথম সেশন
তাইজুল ইসলামের জোড়া শিকারে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এরপর মেহেদি হাসান মিরাজ ফেরান বাবর আজমকে। পরে আরো একটি উইকেট তুলে নেন তাইজুল। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ৪ উইকেটে ৫৮ রান তোলে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। আবিদ আলি ১২৭ ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ৫ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৩০ রান।
তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ
উইকেটের পেছনে দারুণ রিফ্লেক্সে ফাওয়াদ আলমের ক্যাচ তালুবন্দি করেন লিটন দাস। তবে আম্পায়ার আউট দেননি। নিশ্চিত ছিলেন তাইজুল ইসলাম। আত্মবিশ্বাসের সঙ্গে নেয়া রিভিউয়ে সফল বাংলাদেশ। মাত্র ৮ রানে ফাওয়াদকে ফেরান তাইজুল। ইনিংসে তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ।
বাবর আজমের স্টাম্প উপড়ালেন মিরাজ
এক বল আগেই দারুণ এক বাউন্ডারি হাঁকান বাবর আজম। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান অধিনায়কের অফ স্টাম্প উপড়ান মেহেদি হাসান মিরাজ। ১০ রানে সাজঘরে ফেরেন বাবর।
আবিদ আলির সেঞ্চুরি
৯৩ থেকে শতরানে পৌঁছাতে আবিদ আলি খেললেন ২৯ বল। পাকিস্তান ওপেনারের ধৈর্যশীল ইনিংসটির পূর্ণতা পায় সেঞ্চুরিতে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান আবিদ।
তাইজুলের জোড়া সাফল্যে দিন শুরু
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে বিবর্ণ ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। রোববার তৃতীয় দিনের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম ওভারেই তাইজুল ইসলাম সাজঘরে ফিরিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক ও তিনে নামা আজহার আলিকে। অভিষেক টেস্টে ফিফটির স্বাদ পান শফিক। পঞ্চম বলে আব্দুল্লাহকে (৫২ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল। পরের বলে আজহার আলিও এলবিডব্লিউয়ের শিকার। ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন বাবর আজম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



