সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকাদের একজন মাহিয়া মাহি। বিয়ের এক মাস পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন এই চিত্রনায়িকা। বলেছিলেন, স্বামীসহ ওমরাহ পালন করতে চান।
অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে। ওমরাহ পালনের জন্য স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই। বিমানবন্দর থেকে নিজেদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তথ্যটি জানান। তিনি লেখেন, ‘জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
যাওয়ার আগে মাহি বলেছিলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’
মাহি সর্বশেষ ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করেছেন। সিনেমায় গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়াও মাহি সম্প্রতি ‘গ্যাংস্টার’ নামের ওয়েব ফিল্মের কাজ করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



