সিলেটে দিনভর দুর্ভোগের পর রাতে স্থগিত হলো পরিবহণ ধর্মঘট। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট বিভাগীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দকে নিয়ে জরুরি বৈঠকে বসেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠক শেষে বেরিয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়ে সিলেট বিভাগীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশননের ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার বলেন, ‘আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা তাদের উপর বিশ্বাস রেখে ধর্মঘট স্থগিত করেছি।’

সোমবার সকাল থেকে সিলেটে শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রোববার ৫ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করে পরিবহন শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটের কারণে সকাল থেকে পুরো সিলেট বিভাগে বন্ধ ছিলো বাস ট্রাক, অটোরিকশাসহ বেশিলবাগ পরিবহন। নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষত এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয় সবচেয়ে বেশি। হেঁটেই অনেককে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়।
সোমবার বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার তেতলিতে রাস্তায় অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। এসময় দুপাশে আটকা পড়ে মাইক্রোকবাসসহ অনেক ব্যক্তিগত গাড়ি। পরিবহন শ্রমিকরা লোকজনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য করেন। অনেককে ৮-১০ কিলোমিটার পায়ে হেঁটে সিলেট নগরীতে আসতে দেখা যায়। এ ক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়েন বৃদ্ধ মানুষ, নারী ও শিশুরা।

পরিবহণ ধর্মঘটে দুর্ভোগে পড়া যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে ভীড় করে রেল স্টেশনে। ছবি-নতুন সিলেট
এর আগে সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদান করেছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির। সেই সময় শেষ হয় রোববার। কিন্তু তাদের ৫ দফা দাবি আদায় হয়নি বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। ফলে সোমবার থেকে কঠোর আন্দোলনে নেমেছেন তারা। সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগজুড়ে কোনো ধরনের গাড়ি চলতে দিচ্ছেন না পরিবহন শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ‘প্রহসনের নির্বাচন’ ও ‘বিনা প্রতিদ্ধন্ধিতায়’ ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত সকল টাকা ফেরত প্রদান, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: বি-১৪১৮) নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



