মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এম ভি ফারদিন-১ নামে একটি বাল্কহেড কয়লা নিয়ে ডুবে গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে জাহাটিতে থাকা তিন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপার ভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পণ্য খালাস শেষে পানামা পতাকাবহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা ওই বাল্কহেড জাহাজটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হ্যান্ডিপার্ক জাহাজটি গত ১০ নভেম্বর টিএসপি সার নিয়ে মোংলা বন্দরে আসে।
মোংলা বন্দরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী ‘এলিনা বি’ থেকে কয়লা বোঝাই করেছিল ফারদিন-১ বাল্কহেড জাহাজটি। বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, সুপার ভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার বর্ণনা শুনেছি। সেই খবর অনুযায়ী নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
সুপার ভাইজার লোকমান হোসেন বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ছয় শ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল বাল্কহেড ‘ফারদিন-১’। এ সময় পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ফারদনি-১ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে।
এরপর ধীরে ধীরে পানি ঢুকে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এ সময় তিন নাবিক ছিটকে নদীতে পড়ে যায়। ফারদিন-১ বাল্কহেডটিতে একজন নিরাপত্তা কর্মীসহ মোট ছয়জন নাবিক ছিলেন বলেও জানায় লোকমান।
অন্যদিকে কোস্ট গার্ড বলছে, ইতোমধ্যে ২ জনকে উদ্ধার করেছে। তবে এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, এ দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখোনে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। দুর্ঘটনায় কোনো নিখোঁজের খবর তার কাছে নেই বলেও জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



