সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুরে বাজারের জায়গার দখল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়,উপজেলার মীরপুর ইউনিয়ন ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সীমান্তে অবস্হিত জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি খাস জায়গার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সম্প্রতি ঐ সরকারি জায়গায় জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করে। সোমবার আজ অবৈধ দোকানঘর পরিদর্শনে যাওয়ার কথা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ। তিনি ঘটনাস্হলে পৌঁছার আগেই দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, বিরোধীয় সরকারি জায়গা চিহ্নিত করতে আমি লিখিতভাবে জেলা প্রশাসকের নিকট আবেদন করি। যার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে যান।তিনি বলেন সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে।
মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ জানান,সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্হলে রওনা হই। পৌঁছার আগেই সংঘর্ষের খবর পেয়ে ফিরে আসি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী নতুন সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...