চোটের কারণে নেই লিওনেল মেসি। দলের সেরা তারকার অনুপস্থিতি বুঝতে দিলেন না নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগের দুই তারকার নৈপুণ্যে জয় পেলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বোর্দোকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে নেইমারের জোড়া গোলের পর লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এরপর দুই গোল পরিশোধ করে স্বাগতিক বোর্দো।
জয় পেলেও বোর্দোর কাছে বেশ ভুগতে হয়েছে পিএসজিকে। বল দখলে পিছিয়ে থাকলেও পিএসজির চেয়ে দ্বিগুণ আক্রমণ করে বোর্দো।
দুই মিনিটের মাথায় দারুণ সুযোগ তৈরি করেন নেইমার। ডান প্রান্ত থেকে ক্রস করেন ডি-বক্সে।
দুই মিনিটের ব্যবধানে আক্রমণে ওঠে বোর্দো। সতীর্থের পাসে ডি-বক্সে বল পেয়ে যান স্বাগতিক দলের ডিফেন্ডার তিমোথে পেম্বেলে। তবে ফরাসি ফুটবলারকে শট নিতে দেননি পিএসজি ডিফেন্ডার থিলো কেহরার।
৭ম মিনিটে আরও একটি সুযোগ তৈরি করে বোর্দো। ডি-বক্সের বাইরে থেকে শট নেন জ্যাভেইরো দিলরোসান। তবে বোর্দোর ডাচ উইঙ্গারের প্রচেষ্টা রুখে দেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস।
২৬তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম শটে এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।
৩৬তম মিনিটে আরও একটি সুযোগ পায় সফরকারীরা। কাছ থেকে ইউলিয়ান ড্রাক্সলারের শট গোলরক্ষক ঠেকানোর পর পেয়ে যান এমবাপ্পে। তবে ফরাসি স্ট্রাইকার ব্যর্থ শটে হতাশ করেন।
৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে এমবাপ্পেকে পাস দিয়ে এগিয়ে যান তিনি। ফরাসি ফরোয়ার্ডের ব্যাকহিল পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন নেইমার।
৬৩তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে। ভাইনালদামের পাসে ব্যবধান ৩-০ করেন ফরাসি তারকা।
৭৮তম মিনিটে ব্যবধান কমায় বোর্দো। বাঁ দিক থেকে ইয়াসিন আদলির নিচু ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখ থেকে জাল খুঁজে নেন এলিস। আর যোগ করা সময়ে তাদের পরের গোলটি করেন এমবায়ে নিয়াং।
এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে মাউরিসিও পচেত্তিনোর দলের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



