সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ এখনো নো-ম্যান্স ল্যান্ডে পড়ে আছে। গতকাল বুধবার সকাল থেকে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ভারত অভ্যন্তরে লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান।
এ ঘটনার প্রায় দুইদিন অতিবাহিত হতে চললেও এখনো লাশ দুটি একই স্থানে পড়ে আছে বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
তবে বিজিবি-বিএসএফ আলোচনা চলছে, লাশ উদ্ধার হলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
আর কত সময় লাগতে পারে- এমন প্রশ্নে ওসি বলেন, ব্যাপারটি বিজিবি ভালো বলতে পারবে। আমারা কেবল লাশ বুঝে নিতে পারার দায়িত্ব রাখি। তবে এ ব্যাপারে বিজিবির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
এর আগে গত মঙ্গলবার গভির রাতে অথবা গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।
নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে তারা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর আর ফেরেননি। বুধবার ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পান।
ওই দুই যুবক কেন ভারত অভ্যন্তরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে- এমন প্রশ্নে কানাইঘাট থানার ওসি বলেন, ভারত অভ্যন্তরে প্রচুর সুপারি বাগান আছে। ধারণা করা হচ্ছে তারা সুপারি আনতে গিয়ে থাকতে পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



