বাইক পড়ে আছে সড়কে। আর পাশেই পড়ে আছে দুই সহোদরের মরদেহ-এমন হৃদয় বিদারক দৃশ্যই দেখতে হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকার মানুষকে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র তৌহিদুল ইসলাম (২৪) ও তার বড় ভাই ফিরোজ মোর্শেদ (৩৫) প্রাণ হারাণ। নিহতরা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া এলাকার আজিজুল হকের ছেলে।
নিহতদের মধ্যে ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করেন। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফিরোজ গাজীপুরের নয়পুরে থাকতেন। আর তৌহিদুল গত শুক্রবার ঢাকায় বিসিএস পরীক্ষা দিয়ে গাজীপুরে ভাইয়ের বাসায় যান। সেখান থেকে দুই ভাই সকালে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিলেন। পথে কাজীর শিমলা নামক স্থানে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ এর চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



