জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পরজায় সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়ার। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আসন্ন দুই ম্যাচে জয়ই সহজ উপায় অজিদের। বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। তার আগে বাংলাদেশকে নিয়ে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের গলায় শোনা গেলো সমীহের সুর।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে খেলে উড়িয়ে দেয়। ৭ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হলেও অজিদের রঙিন যাত্রায় বাধ সাধে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অসিদের কাছে নাকাল হয় অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের জয় পায় ইংলিশরা। হাতে ছিল ৫০ বল।
বড় ব্যবধানে হারলেও পরবর্তী ম্যাচে নতুন উদ্যমে ফেরার প্রত্যাশার কথা জানালেন ফিঞ্চ।
তিনি বলেন, ‘ছেলেদের বিশ্রাম প্রয়োজন। আমরা আবার তরতাজা হয়ে দিন দুয়েক ট্রেনিং করে লড়াইয়ে নামব। এক ম্যাচের প্রভাব ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে পড়বে না বলেই বিশ্বাস আমার।’ আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়াÑ ওয়ার্ম-আপ ম্যাচের পর সুপার টুয়েলভের দুই ম্যাচ। এবার চারদিনের বিরতি অজিদের সামনে। আগামী ৪ঠা নভেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
আগের ম্যাচে ইংলিশ বোলারদের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। টপ অর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। খেলেন ৪৯ বলে ৪৪ রানের ইনিংস। আর নির্ধারিত ২০ ওভার শেষে অজিরা সর্বসাকুল্যে পায় ১২৫ রানের দুর্বল পুঁজি।
ফিঞ্চ বলেন, ‘সামনে দুটি ম্যাচে জিততেই হবে আমাদের। আজকে আমাদের নেট রান রেটের বাজে অবস্থা হয়েছে, তাই আমাদের সেরা ফর্মে থাকতে হবে (বাকি ম্যাচগুলোতে)।’
ফিঞ্চ বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল, ওয়েস্ট ইন্ডিজও। তাদের দলে অনেক দুর্দান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সব ম্যাচই জয়ের। আমরা এটার জন্য মুখিয়ে আছি।’
বাংলাদেশকে নিয়ে ফিঞ্চের সমীহের কারণ স্পষ্টই। গত আগস্টে মিরপুরে টাইগারদের কাছে হেনস্তার শিকার হয় অজিরা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় ৪-১ ব্যবধানে। সেই দলে অবশ্য ছিলেন না অধিনায়ক ফিঞ্চসহ ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা।
অজিদের জন্য আশা জাগানিয়া বিষয় হলো বাংলাদেশও নেই ছন্দে। সুপার টুয়েলভের সবকটি ম্যাচে হেরে টাইগারদের বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ।
আগামী ৪ঠা নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



