হবিগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাটের রানীরগাঁও কালেঙ্গা পঞ্চবটী সেগুন বাগানের হুগলীছড়া-রশিদপুর বিটে যাওয়ার রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, স্থানীয় রানীর গাঁও ইউনিয়নের জিদ্দারছড়া ইসলামপুরের মৃত নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫), একই এলাকার মৃত আলী আহম্মদ মাহমুদের ছেলে মো. আলাউদ্দিন (৪০)।
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপগান, ২টি রাবার কার্তুজ জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ধৃত বনদস্যু হোসেন আলী অন্যতম বনদস্যু নজির বাহিনীর মূল নেতা নজির আলীর ছেলে।হোসেন এবং আলাউদ্দিনের নামে অস্ত্র, ডাকাতি মামলাসহ ত্রিশের অধিক বন আইনে মামলা রয়েছে।
২০১৮ সালের ডিসেম্বর মাসে চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য নির্বাহী কমিটির দ্বি-মাসিক সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্তদের বনদস্যু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এরপরও তাদের বনদস্যুতা চলমান থাকে এবং তাদের দল ভারী করার জন্য সদস্য সংখ্যা বাড়াতে থাকে। বর্তমানে তাদের পাশাপাশি অন্যান্য সদস্যদের মাধ্যমে বনদস্যুতা কার্যক্রম চলমান রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বন বিভাগ হতে আসামিদের নামে একটি বন আইনে মামলার প্রক্রিয়া চলমান।বনদস্যুতা চলাকালীন কিছু গাছের গুড়ি এবং গাছ কাটার সরঞ্জামাদি রেমা-কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে The Arms Act 1878 এর Under Section 19-A (F) ১৮৭৮ ধারামূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



