সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় কলেজে ৩ দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
এছাড়াও ‘খুনিকে’ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে রাস্তায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম রাহাত (১৮) দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও এই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
ছুরিকাঘাতের পর রাহাতকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি গণমাধ্যম কে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করছে।
তবে পুলিশ বলছে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হলে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



