নতুন সিলেট প্রতিবেদক:: ক্ষোভ থেকেই ট্রাক চালক মুজিবুর রহমানকে হত্যা করেন হেলপার শুকুর আলী শুভ। গাড়ি মেরামতের যন্ত্র দিয়ে ঘুমন্ত চালকের মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করে সে।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালতে তাকে হাজির করা হলে হত্যায় নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শুভ।
শুকুর আলী @ শুভ ইসলাম (২১)গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাইতর বালা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। আর নিহত মুজিবুর রহমান (৪২) কুমিল্লা জেলার মুরাদপুরের আলীরচক গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
আদালতে তার স্বীকারোক্তির বরাত দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ঘটনার দুই মাস আগে থেকে চালক মুজিবুর রহমানের সঙ্গে হেলপার হিসেবে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন শুভ। কিন্তু টাকা চাইতে গেলেই তাকে মারধর করতেন চালক। চাকরী পারিশ্রমিক না পাওয়ার ক্ষোভ থেকেই গত ২৩ মার্চ রাত ২টার দিকে ট্রাকে ঘুমন্ত অবস্থায় চালক মুজিবুর রহমানকে হত্যা করে সে।
আাদালতকে শুভ জানায়, ঘটনার রাতে সিলেট সদরের ধোপাগুল থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।পথিমধ্যে সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ঘুমাতে যাবার আগে হেলপার শুভকে জেগে থাকতে বলেন। সেই সুযোগ কাজে লাগায় হেলপার শুভ। ঘুমের মধ্যে গাড়ির চাকা মেরামতের যন্ত্র দিয়ে মাথায় আঘাতের পর চালক মুজিবুররক গলাকেটে হত্যা করে। ঘটনার পর মোবাইল, মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় শুভ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা ও ওসমানীনগর থানার সমন্বয়ে পুলিশের বিশেষ টিম দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় স্থানীয় ওসমানপুর বাজার থেকে শুভকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আরো বলেন, ঘটনার পরদিন চালকের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে জৈনক স্বপ্ন মিয়া মরদেহটি তার বড় ভাইয়ের হিসেবে সনাক্ত করেন।
তিনি বলেন, প্রথম অবস্থায় চালক হত্যার ঘটনাটি ক্লুলেস ছিল। এরপর পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মীয়া মোহাম্মদ আশীস বিন হাছান পিপিএম এর সমন্বয়ে একটি টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তের দায়িত্ব পান সিলেটের ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র। উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় হত্যাকাণ্ডের মাত্র এক মাসের একমাত্র আসামিকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।
গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাথর বোঝাই ট্রাকে চালকের আসনের পেছনের কেবিন থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ মার্চ নিহতের ভাই স্বপ্ন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করে। প্রথম অবস্থায় হত্যার ঘটনাটি রহস্যঘেরা থাকলেও তদন্তে প্রমাণ সাপেক্ষে একমাত্র আসামী শুভকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



