সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন বলেছেন, টাংগুয়ার হাওরের জন্য সুনামগঞ্জকে আজ সারা বিশ্ব চেনে। টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য আমাদের সকলকে রক্ষা করতে হবে। যেখানে-সেখানে পানির বোতল, কাঁচের বোতল, পলিথিন ব্যাগ, প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেটসহ প্লাস্টিক জিনিসপত্র ফেলা যাবে না। প্রত্যেকটি পর্যটকবাহী নৌকায় আবর্জনা ফেলার বিন রাখতে হবে।
শনিবার (১৬ অক্টোবর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে হাওর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
জেলা প্রশাসক বলেন, হাওরে ইঞ্জিনচালিত নৌকা যেমন পরিবেশ নষ্ট করে, ঠিক তেমনি মাছেরও ক্ষতি হয়। এতে হাওর আস্তে আস্তে মাছশূন্য হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে ইঞ্জিনচালিত নৌকা একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে এবং হস্তচালিত নৌকায় পর্যটকরা হাওর ভ্রমণ করবেন। আগামী মৌসুমের আগেই পর্যটকবাহী সকল নৌকা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় তিনি সবাইকে সাথে নিয়ে হাওরে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র তুলে পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন এবং পর্যটকবাহী বিভিন্ন নৌকায় গিয়ে মাঝিদের সাথে কথা বলেন। তিনি তাদের নির্দেশনা দেন, তারা যেন অপচনশীল প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল, ওয়ান টাইম গ্লাস, প্লেট ইত্যাদি হাওরে না ফেলেন এবং পর্যটকদেরও যেন ফেলতে না দেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক অমলকান্তি কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলম, শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খছরুল আলম, আনোয়ারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল রায় প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



