নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটে আনোয়ার হোসেন বাদশা (২৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) নগরের হাউজিং এস্টেট ১নং লেনের ৩নং বাসার বসত ঘরের জানালার রডের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন বাদশা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া (পানাইল নতুনপাড়ার আব্দুন নুরের ছেলে।
পুলিশ জানায়, নগরের হাউজিং এস্টেটের ১নং সড়কের ৩নং বাসায় স্ত্রী আসমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন আনোয়ার। সকালে সিরাজুল ইসলামকে ফোনে সহোদরের মৃত্যুর খবর জানান আনোয়ারের স্ত্রী আসমা।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ সিরাজুল ইসলামের তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
তবে মরদেহ ফাঁস লাগানো হলেও আনোয়ারের নিথর দেহের অধিকাংশ মাটিতে পড়ে ছিল। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পুলিশ কর্মকর্তাদেরও বিষয়টি নিয়ে ভাবাচ্ছে এটি হত্যা না আত্মহত্যা।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির বলেন, বাদশা পেশায় দিন মজুর। তার স্ত্রীও বিভিন্ন বাসায় কাজ করতেন। বাসার রান্না ঘরের জানালার গ্রীলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো আনোয়ার হোসেন বাদশার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, সুরতহালে আত্মহত্যার নমুনা পাওয়া গেলেও বাদশার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না, এটি হত্যা না আত্মহত্যা! অবশ্য এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে সোমবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



