নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটে ধান ভাগাভাগি নিয়ে জমির মালিক পক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক বর্গা চাষি নিহত হয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) বেলা দেড় টার দিকে জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতু গ্রামের পার্শবর্তী হাওরে এ ঘটনা ঘটে। নিহত ময়না মিয়া ওই মকদ্দস আলীর ছেলে।
হামলার ঘটনায় ময়না মিয়ার দুই সহোদরসহ তিনজন আহত হয়েছেন।পুলিশ হত্যাকান্ডে জড়িত একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের আব্দুস সুবহানের মালিকানাধীন জমিতে বোরো ধান বর্গা চাষ করেন ময়না মিয়া। শুক্রবার ধান কাটার পর ভাগাভাগি নিয়ে আব্দুস সুবহানের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। এসময় আবদুস ছোবহানের পক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ময়না মিয়াকে পিঠিয়ে হত্যা করেন। তাকে রক্ষায় দুই সহোদরসহ তিনজন এগিয়ে আসলে তাদেরকেও পিঠিয়ে আহত করা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ধান ভাগাভাগি নিয়ে প্রথমে ময়না মিয়ার ছেলেদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান আব্দুস সুবহান ও তার লোকজন। পরিস্থিতি নিরসনে ময়না মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষের আঘাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।এছাড়া মরদেহ উদ্ধার করে বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



