হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা ।
নিহত শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।
জানা যায়, সকালে শাহিদা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে আইনগাঁও এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস পরিবহনের বেপরোয়া গতির একটি বাস শাহিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের অন্য একটি বাস আটক করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরীমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



