উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র:) এর ১৫ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি)।
এ উপলক্ষে আগামীকাল ১৫ জানুয়ারি (রবিবার) সকাল থেকে সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে সকাল ১০টায় আল্লামা ফুলতলী (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাহফিল উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়।
মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন।
হযরত আল্লামা ফুলতলী (র.) উপমহাদেশে সুপরিচিত এক মহান ব্যক্তিত্ব। ১৯১৩ সালে জকিগঞ্জ উপজেলার নিভৃত পল্লী ফুলতলীতে তাঁর জন্ম। প্রায় শতবর্ষব্যাপী জীবন অতিবাহিত করে ২০০৮ সালের ১৫ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। প্রতি বছরের মতো এবারও ১৫ জানুয়ারি রবিবার তাঁর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হয়েছে বালাই হাওর। মূল স্টেজ, প্যান্ডেল ও প্যান্ডেলের বাইরে বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫ লাখ বর্গফুট জায়গা প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠুভাবে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় দেড় লাখ বর্গফুটের খাবারস্থান। জকিগঞ্জ-আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ী পার্কিং-এর জন্য বৃহৎ পরিসরে মাঠ প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজার থেকে ছাহেববাড়ি অভিমুখী রাস্তার মুখে মোটর সাইকেল রাখারও সুব্যবস্থা করা হয়েছে। সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায় হাজার খানেক স্বেচ্ছাসেবক। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ও দায়িত্ব বণ্টনও সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



