সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলুনে চুল কেটে টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের অবস্থা গুরুতর হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শান্তির বাজারে শুক্রবার নরসুন্দর পাপনের সেলুনে চুল কাটতে যান ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের ফয়ছল মিয়া। চুল কেটে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সেলুন মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এসময় সেলুনে থাকা ঐয়ারকোনা গ্রামের ফারুক মিয়া টাকা না দিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তার সাথেও ফয়ছল দূর্ব্যবহার করেন। এ ঘটনার জের ধরে মজলিসপুর ও ঐয়ারকোনা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে রোববার দুপুরে মজলিসপুর গ্রামবাসী অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে শান্তির বাজারে এলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।এতে ৫জন গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন, ঐয়ারকোনা গ্রামের রবিউল ইসলাম (১৬) আবু তাহিদ (৪০), সেবু মিয়া (২২), রাসেল মিয়া (২৩), হোসেন মিয়া (২৩)।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোনো মামলা হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



