তিনটি সড়ক উন্নয়ন কাজের টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. ওমর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদুক) দায়ের করা একটি মামলায় পিআইও জাহান হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াব ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এ মামলাটি দায়ের করেন। মোহাম্মদ জাহান তখন হবিগঞ্জের লাখাই উপজেলায় কর্মরত ছিলেন।
এ মামলায় পিআইও ছাড়াও লাখাইয়ের বামৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মামুন, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়াকে আসামি করা হয়। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আদালতের পরিদর্শক মো. ওমর আলী জানান, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে হাজির হয়েছিলেন। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাকি চার আসামির জামিনের মেয়াদ রয়েছে।
দুদকের মামলায় অভিযোগ করা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরে লাখাই উপজেলার তিনটি সড়ক উন্নয়ন কাজের জন্য চার লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযুক্তরা উন্নয়ন কাজ না করেই নামে মাত্র প্রকল্প কমিটি গঠন, নিজেরাই মাস্টার রোল তৈরি এবং নিজেরাই কমিটির সদস্যদের সই দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



