সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চার মন্ত্রী ও এক উপমন্ত্রী সিলেট সফরে আসছেন। আজ বৃহস্পতিবার দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী বিমানযোগে সিলেটে আসবেন। এছাড়া আগামীকাল শুক্রবার আরো একজন মন্ত্রী আসবেন। এর আগে বুধবার পরিবেশ মন্ত্রী সিলেট আসেন।
সরকারি সফরসূচি থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দরের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টায় শহরতলীর বড়শালাস্থ একটি হোটেলে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। বিকাল ৩টায় খাদিমনগরস্থ গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। এদিন সন্ধ্যা ৭টায় আখালিয়া ঘাটে তপোবনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন ড. মোমেন। পরে ওইদিন রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
একই ফ্লাইটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে গাড়িযোগে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন’ প্রযুক্তি উদ্ভাবন প্রকল্পের পরিচিতিমূলক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে বিকালে আবার সিলেটে এসে বিমানযোগে ঢাকায় ফিরবেন উপমন্ত্রী।
এদিকে একদিনের সফরে সুনামগঞ্জ আসছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানযোগে তিনি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে গাড়িপথে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রী করবেন। সকাল সাড়ে ১০টায় ছাতক জাউয়ায় একটি সামাজিক অনুষ্ঠানে শেষে দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জানাযায় উপস্থিত থাকবেন। ওইদিন রাত সাড়ে ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন পরিকল্পনামন্ত্রী।
অপরদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোকাম্মেল হক এমপি আগামী শুক্রবার দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন। জুম’আর নামাজ শেষে তিনি জকিগঞ্জ উপজেলায় মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেদিন রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন মন্ত্রী।
এর আগে গতকাল বুধবার বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। তিন দিনের সরকারি এ সফরে মন্ত্রী বড়লেখা ও জুড়ী উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানসহ দলীয় সভায় উপস্থিত থাকবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



