ঢাকা টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশের ব্যাটারদের হতাশায় ডুবিয়েছে ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের তোপে লাঞ্চ বিরতির আগেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৭১ রান। এর ফলে ভারতের থেকে ১৬ রানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।
লাঞ্চ বিরতির প্রায় পাঁচ মিনিট আগেই প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। ভারতের অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে ফিরে যান তিনি। এর আগে স্লিপ ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন তিনি।
চারে ব্যাটিং করতে নামা সাকিব ব্যাট হাতে ধীরস্থির ব্যাটিং করছিল। কিন্তু বোকার মতো শট করেই আউট হয়েছেন সাকিব।
জয়দেব উনাদকাতের বল মিড অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে উঠিয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলটি কিছুটা গতি হারানোতে সাকিবের শট সরাসরি ফিল্ডার শুভমান গিলের হাতে ধরা দেয়।
দ্বিতীয় ইনিংসে এখনও ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ। মাঠে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন ওপেনার জাকির হাসান। তার সঙ্গে আছেন লিটন দাস।
এদিকে দ্বিতীয় ইনিংসে নাজুমল হোসেন শান্তর বিদায়ে তিনে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও রান খরায় ভোগে আউট হয়েছেন। ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই টপ-অর্ডার ব্যাটার।
এর আগে তৃতীয় দিন প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। আগের দিনের ৫ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই ফেরেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে ৩১৪ রান তুলে নেয় ভারতীয়রা। পরে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সাকিবরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



