দেশের প্রথম আরসিসি ঢালাই সড়ক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক” (সিলেট সালুটিকর-ভোলাগঞ্জ সড়ক) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে একযোগে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কসহ সারাদেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১০০ টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দীন রেনু, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাভ আহমদ, উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মৃণাল কান্তি চৌধুরী, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মে সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে চুক্তি হয়।
৩৭ কিলোমিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রস্থের সড়কটি নির্মাণের শুরুর দিকে এ প্রকল্পের ব্যয় ৪১৫ কোটি ৫০ লাখ টাকা ধরা হলেও প্রকল্পের মেয়াদ দু’দফা বাড়িয়ে বর্তমান ব্যয় ধরা হয়েছে ৬২৬ কোটি ৯২ লাখ টাকা। সড়কটি নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ২০ কোটি ৮৯ লাখ টাকা।
পূর্বের প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ৩০ কিলোমিটার রাস্তার মধ্যে সারফেস কোর্স (নতুন সড়ক, বিটুমিনাস) নির্মাণের কথা ছিল ১৬.৭২ কিলোমিটার রাস্তায়। এতে ব্যয় ধরা হয় ২২৫ কোটি টাকা। আর রিজিড পেভমেন্টে (কংক্রিট) ১৩.৩৩ কিলোমিটার রাস্তা নির্মাণের কথা ছিল। এতে ব্যয় ধরা হয় ১৯০ কোটি টাকা। কিন্তু, সড়কটির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে সংশ্লিষ্টরা পুরো রাস্তাই রিজিভ পেভমেন্টে করার সিদ্ধান্ত নেন। যার ফলে ব্যয় বেড়ে বর্তমানে ৬২৬ কোটি ৯২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
এ দিকে দেশের প্রথম আরসিসি ঢালাই মহাসড়ক উদ্বোধন উপলক্ষে ব্যাপক আয়োজন করেন সওজ এবং উপজেলা প্রশাসন। মহাসড়কের উপর বিভিন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।
কিন্তু বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রাতের আঁধারে কে বা কাহারা মহাসড়কের লাছুখাল নামক স্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে দূর্বত্তরা।
এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি চরম অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন তিনি।
মো. ইয়াকুব আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মহাসড়কের উদ্বোধন উপলক্ষ্যে টাঙ্গানো ফেস্টুন কাটা বা ছেড়ার মতো ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্রদ্ধা করেছে, অসম্মান করেছে। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তবে এ ব্যাপারে অবগত নয় বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, এ ব্যাপারে খবর পেয়েছি। সওজকে পত্র দিয়ে জানাচ্ছি থানায় মামলা দেওয়া জন্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



