বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের নয়াপল্টন কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ।
নাশকতার দুটি মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে হাজিরা দিয়ে বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে তাকে আটকে দেয়া হয়।
এসময় ফখরুল পুলিশের কাছে জানতে চান, কার্যালয়ে কেন প্রবেশ করতে দেবেন না? তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বিএনপি মহাসচিবকে বলেন, ‘আমাদের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়ে কাউকে যেতে দেয়া হবে না।’
এসময় সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছে না। এটা আমাদের অধিকার। মূলত ১০ ডিসেম্বরের গণসমাবেশকে নস্যাৎ করার জন্য এটা সরকারের হীন চক্রান্তের পরিকল্পনা।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমি একটি দলের মহাসচিব, অথচ আমাকে কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না। গণতান্ত্রিক অধিকার না থাকলে কীভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই। গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, মানুষ সভ্য সমাজে বাস করছে না।’
সরকারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বিএনপি অফিস খুলে দেয়ার দাবি জানান। একই সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি এবং নেতাদের হত্যার তদন্তের দাবি জানান।
১০ ডিসেম্বর সুন্দর সুষ্ঠুভাবে সমাবেশ করতে দিতে সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। পুলিশ এসব বোমা রেখেছে। এগুলো করেছে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করার অসৎ উদ্দেশ্যে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



