প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়ন করি, আর বিএনপি মানুষ খুন করে। বিএনপি চট্টগ্রামে বারবার বোমা ও গ্রেনেড মেরেছে। তারা মানুষের শান্তি চায় না। তারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে।
রবিবার (৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ শান্তিতে থাকে। কারণ আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। খালেদা জিয়ারা পারে কেবল মানুষকে হত্যা করতে। তাদের গুণ দুইটা- ভোট চুরি ও মানুষ খুন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। এই ১০ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করেছি পাকিস্তানিরা। এ কারণেই ১০ ডিসেম্বর বিএনপির প্রিয় তারিখ।
প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। এর প্রতিবাদে জনগণ আন্দোলন করেছিল। জনগণ তাদের মেনে নেয়নি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। তারা গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয়ের মাসে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এগুলো বিজয়ের জন্য আপনাদের জন্য আমার উপহার।
আওয়ামী লীগের জনসভা ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



