পাঁচ বছর পরিত্যক্ত থাকা সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে (গ্রিডে) গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ চালু করা হয়।যদিও আজ দুপুরের দিকে গ্রিডে সরবরাহে যাওয়ার কথা ছিল।কিন্তু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যাওয়ায় কিছুটা দেরি হয়, বলে জানা গেছে।
বিয়ানীবাজার গ্যাস কূপের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সব কিছু ঠিক রেখে আমরা সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করতে পেরেছি। এখন এ কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। যদিও আমরা ১১ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ সফলভাবে পরিক্ষা করেছি। এরপরও আমরা সুরক্ষিত (সেফ) থাকতে চা্ই।এ জন্য সরবরাহ ৮ মিলিয়নে রাখা হয়েছে।
এরআগে গতরাতে জাতীয় সঞ্চালন লাইনে পরিক্ষামূলকভাবে কিছু গ্যাস সরবরাহের টার্গেট ছিল। কিন্তু কারিগরি দিক থেকে ক্লিনআপ করতে গিয়ে সারারাত কাজ করতে হয়েছে। আজ সোমবার সকাল থেকে গ্যাস ফ্লেয়ারিং হয়ে গেছে। ওয়েল ক্লিনআপে কয়েকঘন্টা সময় লাগায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়।এরপর ২০১৬ সালে ফের উত্তোলন শুরু হলে ওই বছরের শেষ দিকে আবারও তা বন্ধ হয়ে যায়।
২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে গ্যাসের মজুত পায়।
এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনঃখনন কাজ (ওয়ার্ক ওভার) শুরু হয়। কূপে গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর গত ১০ নভেম্বর থেকে গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।
বর্তমানে কূপের ৩ হাজার ২৫৪ মিটার গভীরে ৭০ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুত আছে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ পরীক্ষার পর দেখা গেছে, কূপটি দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম। তবে কারিগরি বিভিন্ন দিক বিবেচনা করে দৈনিক ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এতে দৈনিক ১২৫ থেকে ১৩০ ব্যারেল কনডেন্স গ্যাসও পাওয়া যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



