আজ রাতে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ। এখানে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকলেও দেশের অন্যান্য জেলার ন্যায় সিলেটেও এ বিশ্বকাপ খেলাকে ঘিরে কোনকিছুরই কমতি নেই। বিশ্বকাপের উদ্বোধনকে ঘিরে এখানকার ফুটবলপ্রেমী দর্শক এখন অপেক্ষার প্রহর গুনছেন।

দর্শকদের প্রিয় দলের পতাকা বিক্রির ধুম পড়েছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। গত কয়েকদিন থেকে নগরীর ব্যস্ততম বন্দরবাজারে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পতাকা বিক্রির যেন হাট বসেছে।
নগরীর বাসিন্দা তানভির আহম্মেদ অভি বলেন, বিশ্বকাপ ফুটবলে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। নেইমারের পায়ের জাদুতে এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবেন বলে তিনি শতভাগ আশা প্রকাশ করে আরো বলেন, প্রিয় দলের পতাকা ক্রয়ের জন্য বিবিরপুরপাড় এসেছি। এখান থেকে ব্রাজিলের পতাকা ক্রয় করে বাড়ির ছাদে উড়াবো।
মোছাদ্দেক হাওলাদার নামের আরেক পতাকা ক্রেতা বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ক্রয় করেছি। এটি আমাদের বাসার সামনে প্রদর্শন করবো।

পতাকা বিক্রেতা শাহাদৎ হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করা বিভিন্ন দলের পতাকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে নগরীতে ঘুরাঘুরি করি। প্রতিদিন বিক্রিও হচ্ছে বেশ। তবে গত দুইদিন থেকে পতাকা বিক্রির সংখ্যা অনেক বেড়েছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত যে পরিমাণ পতাকা বিক্রি হয়েছে তাতে আর্জেন্টিনার পতাকা বেশি বিক্রি হয়েছে। তারপর রয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানী ও স্পেনের পতাকা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



