পিরোজপুরের মঠবাড়িয়ায় রতীকান্ত সামন্ত (২৩) নামে এক ভারতীয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কিশোরীকে অপহরণ চেষ্টা ও তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডের অমৃত সাধুর বাড়ির সামনে এক কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করছিল ওই ভারতীয় তরুণ। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার রতীকান্ত ভারতের পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার বরদা গ্রামের লক্ষীকান্ত সামন্তর ছেলে।
পুলিশ জানায়, এক বছর আগে অনলাইনে পাবজি খেলাকে কেন্দ্র করে ওই ভারতীয় তরুণের সঙ্গে মঠবাড়িয়ার এক কিশোরীর পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে রতীকান্ত কিশোরীর সঙ্গে ভিডিও কলে কথা বলে। এ সময় ওই তরুণ কিশোরীর ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে। পরবর্তীতে তা এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে।
কিন্তু এক পর্যায়ে ওই কিশোরী কথা বলা বন্ধ করে দিলে আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয় রতীকান্ত। বিষয়টি কিশোরীর বাবার নজরে আসে। এরপর রতীকান্ত ওই কিশোরীকে ভারত নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তা প্রত্যাখান করলে সম্প্রতি রতীকান্ত ভারত থেকে বাংলাদেশে এসে মেয়েটিকে তুলে নেওয়ার ফন্দি আঁটে।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর রতীকান্ত ওই কিশোরীকে টিএন্ডটি সড়কে দেখা করতে বলে। এ সময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে ওঁত পেতে থাকা তিন-চারজন লোকের সহযোগিতায় রতীকান্ত কিশোরীর মুখ চেপে ধরে মোটরসাইকেলে তোলার চেষ্টা চালায়। বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা ভারতীয় তরুণকে আটকে রাখে এবং কিশোরীর বাবাকে খবর দেয়। পরবর্তীতে তার বাবা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভারতীয় তরুণকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ভারতীয় তরুণসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে আজ রোববার ঠবাড়িয়া থানায় অপহরণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ঘটনায় ভারতীয় তরুণকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



