টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন বিদায়ের সুর। উৎসব, উত্তেজনা ও নানা রোমাঞ্চ শেষে আজ পর্দা নামতে যাচ্ছে বিশ্বকাপে ক্রিকেট আসরের। আজ মেগা ফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি ইংল্যান্ড-পাকিস্তান।
ফাইনালের আগেই পকিস্তান দলকে নিয়ে সতর্ক ইংল্যান্ড। দেশটির সাবেক টেস্ট অধিনায়ক রুট সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, পকিস্তানেরও রয়েছে সমৃদ্ধ বোলিং বিভাগ, ব্যাটিং লাইনআপেও দুর্দান্ত সব ক্রিকেটার। দলটি খুবই ভয়ানক।
২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে ইংল্যান্ড। বিশ্বকাপে তো অজেয়! জিতেছে ২০০৯ ও ২০১০ আসরের দুই ম্যাচে। সব মিলিয়ে এই সংস্করণে দুই দলের ২৮ ম্যাচে ইংলিশদের জয় ১৭টিতে।
তবে পাকিস্তান দল সবসময়ই ‘আনপ্রেডিক্টেবল।’ যেকোনো সময় ঘুরে দাঁড়িয়ে জন্ম দিতে পারে অভাবনীয় কিছুর। এবারের বিশ্বকাপেই যেমন খাদের কিনার থেকে উঠে এসে তারা এখন ফাইনালে।
সুপার টুয়েলভ পর্বে ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায় পাকিস্তান। অনেকে তাদের সেমি-ফাইনালে খেলার আশা শেষ বলেই ধরে নেয়। কিন্তু নেদারল্যান্ডস তাদের জন্য সেই পথ খুলে দেয় অবিশ্বাস্যভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। পাকিস্তানও সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশকে হারিয়ে ওঠে সেমিফাইনালে।
দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডকে শেষ চারের লড়াইয়ে তো তারা পাত্তাই দেয়নি। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে জিতে যায় ৭ উইকেটে। ২০০৯ সালের শিরোপাজয়ীরা এখন অপেক্ষায় আরেকটি ট্রফি ঘরে তোলার।
ইংল্যান্ডও রয়েছে দারুণ ফর্মে। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ পেরিয়ে তারা সেমি-ফাইনালে স্রেফ উড়িয়ে দেয় শক্তিশালী ভারতকে। প্রতিপক্ষের ১৬৮ রান পেরিয়ে যায় ১০ উইকেট ও ৪ ওভার হাতে রেখে! দাপুটে এই জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা ২০১০ আসরের চ্যাম্পিয়নদের। তবে রুট পরামর্শ দিলেন মাটিতে পা রাখতে।
২০১৬ বিশ্বকাপ দলের অংশ ছিলেন রুট। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দ্বিতীয় শিরোপা ঘরে তোলার স্বপ্ন ভাঙে ইংলিশদের। শিরোপা লড়াইয়ের আগে স্কাই স্পোর্টসে সতীর্থদের সতর্ক হওয়ার বার্তা দিলেন রুট।
ভেন্যু অস্ট্রেলিয়ার মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ড। প্রথম পর্ব আর সুপার-১২ পর্বে একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এবার বৃস্টি চোঁখ রাঙ্গাচ্ছে ফাইনালের দিকে। আজ ম্যাচ শুরু বেলা ২টায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



