ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার অন্য আসামি হলেন, আরিফ ফাহিম সিদ্দিকী।
এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।
অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
এর আগে বুধবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাদের গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে।
মামলার সূত্রে জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে রাফাতের নাম বেরিয়ে আসে। সুত্র: ঢাকাপোষ্ট
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



