সিলেটে ডাকাতি মামলায় চার ডাকাতের ১০ বছর করে সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (০৯ নভেম্বর)সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন।
অত্র আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানার খালপাড় গ্রামের আব্দুল বারির ছেলে আকবর হোসেন (২৯), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাক্ষণগাঁও ইসলামপুর গ্রামের মৃত ওয়ারিশ উল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৬), সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই কামারগ্রামের লতিফ আলীর ছেলে এমাদ আহমদ (৩০) ও জেলার কানাইঘাটের জয়পুর গ্রামের মৃত ছৈয়দুর রহমান উরফে গুটাই মিয়ার ছেলে ছইফুল আলম উরফে আলম (৪০)।
রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী এমাদ আহমদ ব্যতীত অপর আসামীরা পলাতক ছিলেন।
মামলা হতে অব্যহতি পেয়েছেন সিলেটের গোয়াইনঘাট থানার লুনি গ্রামের আব্দুর শুকুরের ছেলে ইসলাম উদ্দিন (৩৫) এবং বিয়ানীবাজার উপজেলার খশিরকন্দ হাতিটিলার সফর উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (২৫)।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাত সোয়া ৩টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীশাসন গ্রামের হাজী ইলিয়াছ আলীর ছেলে মো. এবাদুর রহমানের বাড়িতে ডাকাতি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নেয়। ডাকাতির সংঘঠিতের পর ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এবাদুর রহমান বাদি হয়ে বিয়ানীবাজার থানায় মামলা (নং-১১(১১)‘১৫) দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ মে বিয়ানীবাজার থানার এসআই মো. মোর্শেদ আলম ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট নং-৬৬) দাখিল করেন। ২০১৭ সালের ১৫ মে ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
দীর্ঘ শুনানীকালে ১৬ সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষগ্রহণ শেষে চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা করেন। এছাড়া ২ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট এসএম পারভীন ও আসামীপক্ষে অ্যাডভোকেট মো: ইলিয়াছ ও নাসির উদ্দিন সাদিক অংশ নেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



