সুনামগঞ্জে তাহিরপুর বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১০-১২ হাজার কেজি ভারতীয় চোরাই কয়লা আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই কয়লা বোঝাই দুটি নৌকা রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে টাঙ্গুয়ার হাওর দিয়ে পাচারের সময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন এলাকা হতে চোরাই কয়লাসহ একটি স্টিলবডি নৌকা ও একটি কাঠবডি নৌকা জব্দ করে পুলিশ।
স্থানীয়দের তথ্যমতে, তাহিরপুর উপজেলার বড়ছড়া, লালঘাট, কলাগাঁও ও চারাগাঁও শুল্ক ষ্টেশন এলাকাকে ব্যবহার করে আসছিল একদল চোরাকারবারি। দীর্ঘদিন যাবত ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান সীমান্তের ওপার থেকে এপারে নিয়ে এসে ভূয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলা মধ্যনগর ও কলমাকান্দাসহ দেশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। মাঝেমধ্যে চোরাই কয়লা পরিবহণকারী শ্রমিকরা আটক হলেও, কয়লা চোরাচালানের মুলহোতারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভারতীয় চোরাই কয়লা বোঝাই করে পাচারের সময় ১০ মেট্রিকটন কয়লা সহ একটি স্টিলবডি ও একটি কাঠবডি নৌকা আমরা জব্দ করেছি এবং এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান রোধে আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করবো। চোরাচালানীদের চিহ্নিত করে দ্রুত আওতায় আনা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



