সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, নার্সি একটি মানবিক ও মর্যাদাসম্পন্ন পেশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সিং পেশাকে ২য় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিয়েছেন। একসময় নার্সিং পেশায় অনেকেই আসতে চাইতো না। বর্তমান সরকার নার্সিং পেশাকে গুরুত্ব দেয়ায় এই পেশায় প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি মেধাবী শিক্ষার্থীরাও এখন নার্সিং পেশায় আসছে।
তিনি বলেন, কমিটমেন্ট, ধৈর্য্য এবং শ্রম দিলে দক্ষ নার্স বেরিয়ে আসবে। আল-আমিন নার্সিং কলেজ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের বেনকুয়েট হলে আল-আমিন নার্সিং কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রারম্ভিক পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ শিউলি আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব নার্সিং বিভাগের ডীন প্রফেসর ডা. বিপ্লব কুমার রায়, আল-আমিন এসোসিয়েট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা. আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফাইন্যান্স ডাইরেক্টর জহির বক্ত, সৈয়দ এম. এ কাইয়ূম, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. তাফাজ্জুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল ডা. এম.এ রকিব।
কলেজের প্রভাষক ওয়াহিদা আহমেদ ফারিনের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। নবীন বরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



