সিলেটে ৫ দফা দাবি না মানলে ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন শ্রমিকদের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচী থেকে এই ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সম্মনয় পরিষদ নামের সংগঠনটি। নগরের দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ ৫ দফা দাবি সম্পর্কে তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার
২. গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার
৩. হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারী খুলে দিতে হবে,
৪. সিলেটের সকল ভাঙ্গা রাস্তা সংস্কার
৫. সিএনজিচালিত অটোরিক্সা বিক্রি বন্ধ করতে হবে, বিক্রিত গাড়িগুলো রেজিষ্ট্রেশন দিতে হবে, বেআইনি গাড়ি অটোবাইক, ব্যাটারি চালিত রিক্সা, ডাম্পিংকৃত গাড়ি এবং অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
সড়ক পরিবহন শ্রমিক সম্মনয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হবে। এতে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এবং বাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মহবুব মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া, ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিএনজি অটোটেম্পু ঐক্য জোট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম ভাসানী ও ইমা লেগোনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মইন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



