সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সিলেট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মাগুরা, পিরোজপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষিরা জেলায় একজন করে, কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে ৫ জন কৃষক, ২ নারী, ২ যুবক, ১ বৃদ্ধ এবং একজন স্কুল শিক্ষার্থী রয়েছেন।
সিলেট: এদিন সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার শিবেরবাজার এলাকায় জমিতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান আবদুস ছালাম ( ৫০) নামের এক কৃষক। তিনি ওই এলাকার আবদুল মনাফের ছেলে।
এসএমপির জালালাবাদ থানার এসআই মো. সালাহ্ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আব্দুস সালাম মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লাহ গ্রামে বজ্রপাতে জাকির হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ: দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোয়ালিয়া হাওরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুলাল মিয়া (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। তিনি উপজেলার ধলা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, জেলার হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মোছা. নুরুন্নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ারা বেগম ( ৫০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী।
মাগুরা: দুপুর পৌনে ১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় বজ্রপাতে মোক্তার হোসেন মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে। তিনি পাটে জাগ দেওয়ার কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
পিরোজপুর: বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে পাশের বাড়ির টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে মো. মোফাজ্জেল হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বন্দে আলী হাওলাদারের ছেলে।
ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মাথুরাপুর এলাকায় দুপুরে কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার খোদা বাসপুর গ্রামের তোরাব মোল্যার ছেলে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামে ভৈরব নদী থেকে পাটখড়ি তোলার সময় বজ্রপাতে সাজু আহমেদ (২২) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বসুতিপাড়ার কাশেম আলীর ছেলে।
ঝিনাইদহ: বিকেলে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়নের হিজলী গ্রামে নিজ ঘরের বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে কুরবান আলী মোল্লা (৪৩) নামে এক কৃষকে ঘটনাস্থলেইর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মকবুল হোসেন মোল্লাার ছেলে।
সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে ফুটবল অনুশীলনের সময় বজ্রপাতে শুভজিৎ সরকার (১৬) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজকুমার সরকারের ছেলে। আসন্ন ইন্টার স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে স্কুল শেষে স্কুলের মাঠেই বন্ধুদের সঙ্গে অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



