কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দুঃসংবাদে স্তব্ধ দেশের সংগীত ও চলচ্চিত্রাঙ্গন। অনেকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও বাসায় ছুটে যান অনেক তারকা। বেলা ১টার দিকে এই কিংবদন্তির বাসায় যান জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। গাজী মাজহারুল আনোয়ারের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তিনি। এসময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই শিল্পী।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। সর্বশেষ মনির খান তার জন্মদিনে (১ আগস্ট) একটি গান উপহার দেন; এ গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। মনির খান বলেন, ‘সবময়ই বলতেন, আমার দুটো ছেলে-উপল আর মনির। যেখানে দাঁড়িয়ে কথা বলছি-সেখানে অসংখ্যবার হেঁটেছি, দাঁড়িয়ে কথা বলেছি। অসংখ্য স্মৃতি রয়েছ। তার আদর, ভালোবাসা পেয়েছি।’
কাঁদতে কাঁদতে মনির খান বলেন—‘আমাদের প্রতিদিনই কথা হতো। আমি ফোন না করলেও তিনি ফোন করে বলতেন, বাবা শরীর খারাপ? ফোন করলে না যে? গত ১ আগস্ট আমার জন্মদিন ছিল। এদিন আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাবা তোমার জন্য একটা গান লিখলাম। তোমাকে উপহার দেওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু নেই।’
গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান। ছেলে উপল কাছে থাকলেও কন্যা-গায়িকা দিঠি রয়েছেন দেশের বাইরে। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা কিংবা রাতের মধ্যে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পরই গাজীর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে ‘আয়না’ ও ‘অবশিষ্ট’ চলচ্চিত্রের জন্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



