এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মী ও নাগরিকদের অভিলম্বে চায় সিলেট জেলা বিএনপি। দলের নিখোঁজ নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের কাছে ফেরত চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি প্রদান পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশের প্রায় ৬৫০ জন নাগরিককে গুম করা হয়েছে।এরমধ্যে রয়েছেন সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ ও এম. ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী।
তিনি বলেন, যাকে গুম করা হয়, তার প্রিয়জনেরা বিধ্বস্ত, দুর্দশাগ্রস্ত এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।যে গুম হচ্ছে, শুধু সেই যে শিকার হচ্ছে, তা নয়, তার পরিবার-পরিজনও একইভাবে অপরাধের শিকার হয়। দিনের পর দিন মাসের পর মাস তারা জানতে পারে না যে তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে।
তিনি আরো বলেন, সারা বিশ্বের গুমের প্রকোপে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘ ২০০২ থেকে কাজ শুরু করে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ রচনা করে। যার ইংরেজি নাম—ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স।২০১০ সালের ২১ ডিসেম্বর এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়েছে, আর ২০১১ থেকে ৩০ আগস্ট থেকে দিনটিকে গুমের শিকার ব্যক্তিবর্গের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে।এখন পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশ সনদটি গ্রহণ করেছে। আর ৯৩টি দেশ এতে স্বাক্ষর করেছে। তিনি যেসব রাষ্ট্র গুম করে তারা এই সনদ গ্রহণ করেনি। আমাদের দুর্ভাগ্য প্রিয় জন্মভূমি বাংলাদেশও এই তালিকায় রয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে রাষ্ট্রের মদদেই বিএনপি নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের গুম করা হয়েছে।যেকারনে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ গ্রহণ করেনি। গুম ও খুন করে বিএনপির চলমান আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না।অভিলম্বে গুম হওয়া সকল নেতাকর্মীসহ নাগরিকদের ফিরিয়ে দিতে হবে।
এর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মাহবুবুল হক চৌধুরী, মামুনুর রশিদ মামুন, তাজরুল ইসলাম তাজুল, আব্দুন নুর চেয়ারম্যান, অ্যাডভোকেট বদরুল ইসলাম, রফিকুল ইসলাম শাহপরান, কোহিনুর আহমদ,আলী আকবর, লাতিফ খান, মাহবুব আলম, মনিরুল ইসলাম তোরন, সুহেল ইবনে রাজা, আজিজুল হোসেন আজিজ, নিখোঁজ ছাত্রদল নেতা জুদেনের ভাই জুনেদের ভাই মঈন উদ্দিন মইনুল প্রমূখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



