‘মরদেহ ফেলা হলো পুকুরে’
বাবার ওপর হামলা করতে এসে তাকে না পেয়ে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় ওই কিশোরীর বাবা প্রাণভয়ে অন্যের ঘরে লুকিয়েছিলেন।
শনিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের একটি পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেয় হত্যাকারীরা।
নিহত সালমা আক্তার বসন্তপুর গ্রামের সোলেমান ব্যাপারীর মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সালমা তৃতীয়। সে পার্শ্ববর্তী বিল্লাল বাজার কওমি মাদরাসায় লেখাপড়া করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুর গ্রামের ভূঁইয়া পাড়ার গরু ব্যবসায়ী সোলেমান ব্যাপারীর সঙ্গে তার ভাতিজাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল।
জানা যায়, শনিবার সকালে একই বাড়ির জান্নাত নামে এক কিশোরী সোলেমান ব্যাপারীর ঘরের দরজা ও পেছনের টিন খোলা দেখে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে কাউকে দেখতে না পেয়ে সোলেমান ব্যাপারীর মোবাইল ফোনে কল দেয়। পরে সোলেমান ব্যাপারী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ি থেকে ৫শ গজ দূরে একটি পুকুরে মেয়ের ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন।
সোলেমান ব্যাপারী বলেন, দীর্ঘদিন ধরে ভাতিজাদের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৫ সেপ্টেম্বর তারা আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করায় তাকে হাসপাতালে ভর্তি করি। শুক্রবার আমি বাড়িতে গেলে তারা আমার ওপর হামলার চেষ্টা করে। রাত সাড়ে ১২টার দিকে আমি ঘর থেকে বের হলে তারা ১০-১২ জন লোক আমার ওপর হামলা করতে ঘর ঘিরে ফেলে। আমি প্রাণ ভয়ে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়ির আব্দুর রহমানের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। সে সময় ঘরে একাই ছিল আমার মেয়ে সালমা। রাতে তারা তাকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি এবং হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



