এবার ছাত্রীদের উলঙ্গ করে ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি এবং একজন ছাত্রীকে সাড়ে ৬ ঘণ্টা নিজের রুমে আটকে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে রিভা দাবি করেছেন, তিনি উল্লিখিত সময়ে হলে ছিলেন না।
ইডেন কলেজের একটি সূত্র জানায়, আটকে রাখা অবস্থায় ওই দুই ছাত্রীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য হুমকি দিয়েছেন রিভা। আগের ঘটনা অডিও ভাইরাল করার স্বীকারোক্তি চান তিনি। তা না হলে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেন।
মঙ্গলবার সকালের দিকে সাড়ে ছয় ঘণ্টা মানসিক ও শারীরিক নির্যাতনের পর অবশেষে ‘মিথ্যা স্বীকারোক্তি’ দিতে বাধ্য হন ওই দুই ছাত্রী। ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের একটি কক্ষে এ নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়। পরে হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা গিয়ে ওই দুই ছাত্রীকে উদ্ধার করেন। ভুক্তভোগী দুই শিক্ষার্থীর নাম রুপা ও মিথিলা।
এ বিষয় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভা বলেন, একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সংবাদ করাতে চাইছে। আমি কাকে নাকি নির্যাতন করেছি এমন বর্ণনা নিয়ে তারা এটা করাতে চাইছে। আমি সকাল থেকে ক্যাম্পাসের নিচে আমাদের প্রোগ্রাম নিয়ে সবার সঙ্গে ছিলাম। সন্ধ্যার পরে পার্টি অফিসে গেছি। তারা যে সময়ের কথা বলছে আমি সে সময়ে ছিলামই না।
এর আগে তামান্না জেসমিন রিভার একটি অডিও ক্লিপ ফাঁস হয়। যেখানে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে কক্ষে রাজিয়া বেগম ছাত্রীনিবাসের ২০২ নম্বর রুমের কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়ার হুমকি দিতে শোনা যায় তামান্নাকে।
ফেসবুকে ভাইরাল হওয়া সেই অডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘বেশি চ্যাটাং চ্যাটাং করতেছিস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস৷ তোরা লিগ্যাল তাতে আমার…। কোন হ্যাডাম দেখাইতেছিস তোরা? আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস! তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার…? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?’
একপর্যায়ে এক ছাত্রীকে বলতে শোনা যায়, ‘ও তো অসুস্থ, বাসায় গেছে।’
উত্তরে তামান্না বলেন, ‘২০২-এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল, তাতে আমার কি…?আমি কি…তোদের? ম্যাডামদের ক্ষমতা আছে, আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার? ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এই রুম থেকে একটা মেয়েকে বের করার। রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নাই। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে।’
ভাইরাল হওয়ার পরই শুক্রবার রাতে তামান্না নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি স্বীকার করে ক্ষমা চান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



