মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-লাখাইছড়া স্কুল লাইনের সুনীল ভূমিজের স্ত্রী সুকন্তলা ভূমিজ (৪০), স্বপন ভূমিজের স্ত্রী হিরা ভূমিজ (৩০), অরুণ মাহালির স্ত্রী রাধা মাহালি (২৫) ও রিপন ভূমিজের স্ত্রী পুনি ভূমিজ (২৫)।
প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ বলেন, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য সুড়ঙ্গ করে মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান ৫ নারী। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদওয়ান আহসানুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই চার নারীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে আছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত টিলার মাটি কাটার সময় এক পর্যায়ে টিলা ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, চার নারী চা শ্রমিক মাটি চাপায় মৃত্যুর ঘটনায় চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাধামনি মালির স্বামী লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালী বলেন, ঘর মেরামতের জন্য মাটি আনতে গিয়ে টিলা ধঘসে তাদের মৃত্যু হয়।
ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানের জিএম সাদেক আহমেদ বলেন, ‘ঘর লেপার জন্য চা বাগানের পাহাড়ে মাটি আনতে গিয়েছিলেন তারা। এ সময় টিলা ধসে পড়ে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



