চাকরিতে যোগদান করতে ঢাকায় যাওয়ার জন্য বাসের টিকেট কিনতে গিয়ে দুদিন ধরে নিখোঁজ সুনামগঞ্জের যুবক জয় ভট্টাচার্যের (২৭) মরদেহ সিলেটের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টায় পুলিশ সিলেট শহরের হোটেল শাহবানের ৩য় তলার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেছে। জয়ের বাসা সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম নতুনপাড়ায়।
অপরদিকে, গত দুদিন ধরে সুনামগঞ্জের অনেকের ফেসবুক পোস্টে ভাসছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়ে যোগদানের কয়েকদিন আগে ১৫ আগস্ট দুপুরে সুনামগঞ্জ থেকে নিখোঁজ হয় জয় ভট্টাচার্য। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডিও করা হয়েছে।
এ বিষয়ে জয়ের প্রতিবেশী ও নিকটাত্মীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়ে নিয়োগের অপেক্ষায় আছে জয়, সে এমন খবর জানায় তার পরিবার ও এলাকাবাসীকে। উত্তীর্ণ হওয়ার পর এলাকাজুড়ে মিষ্টিও বিতরণ করে। কিন্তু প্রকৃত পক্ষে তার চাকরি হয়নি। আত্মসম্মানার্থে এই খবর জানাতে না পেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানান তারা।
জয়ের চাচা বিপুল মৈত্র বলেন, সে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিল। প্রথমে শুনেছিলাম সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে তার নিয়োগ হয়নি। এ নিয়ে হতাশা থেকে এমন কাণ্ড ঘটাতে পারে।
হোটেলটির সত্ত্বাধিকারী ব্যারিস্টার আরশ আলী জানান, ১৫ আগস্ট জয় ভট্টাচার্য ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুর পর্যন্ত কক্ষ থেকে কোনো সাড়া না এলে পুলিশের মাধ্যমে দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন খান জয়ের পরিবারের বরাত দিয়ে বলেন, জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগের কোনো কাগজপত্র দেখাননি। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠাচ্ছি।
নিহত জয় তার পরিবারসহ পশ্চিম নতুনপাড়ার নিলয় ১১৮ নম্বরের বাসন্তী কুঞ্জে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুরে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



