দেশে প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে জীবনধারণের জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক খরচ। চড়া দ্রব্যমূল্যের এই বাজার পরিস্থিতিতে ১২০ টাকা মজুরি অত্যন্ত অমানবিক এবং অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়লেও চা শ্রমিকদের মজুরী বাড়েনা। যা চা-শ্রমিকদের প্রতি জুলুম।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা এসব কথা বলেন ।
এছাড়াও মজুরি বৃদ্ধির দাবিতে চলমান চা-শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করার দাবি জানান তারা ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ইফরাতুল হাসান রাহিমের সঞ্চালনায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য আব্দুল বাসিত সাদাফ, সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ এবং চা-শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুপালি পাল প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা বাংলাদেশীয় চা সংসদের কাছে ৩০০ টাকা দৈনিক মজুরিসহ ২০ দফা দাবি জানান। দাবির বাস্তবায়ন না হওয়ায় গত ৯ আগস্ট থেকে সারাদেশের চা বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। কর্মবিরতি শেষে তারা কাজে ফিরছিলেন। এরপরও মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যায়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



