সিলেটে বেপরোয়া গতির হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. হালিমা খাতুন নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট)সকাল পৌনে ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোছা. হালিমা খাতুন (৪৩) সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকার মশিউর রহমানের স্ত্রী। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে ওসমানীনগর বাড়ির ফিরছিলেন ওই শিক্ষিকা। পথিমধ্যে বেলা ১টার দিকে মোগলাবাজার কোনারগাও কেন্দ্রীয় জামে মসজিদের সামনের সড়কে একটি হিউম্যান হলার (লেগুনা) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন ওই শিক্ষিকা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিলেট মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ে শোক দিবসের অনুষ্ঠান শেষে ওই শিক্ষিকা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সে সময় পেছন দিক থেকে একটি লেগুনার ধাক্কায় ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানাস্তর করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



