‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম মহানায়ক। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছি আমরা। শোক দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই নয় বরং প্রতিনিয়ত শোককে শক্তিতে পরিণত করে দেশের অগ্রগতিতে অবদান রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকল অন্যায়, অবিচার ও দূর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে।’ সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় ও উদযাপন কমিটির আহবায়ক ও শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল গনিসহ অন্যরা।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোকর্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাবি শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, আবাসিক হল প্রশাসন, বিভিন্ন দপ্তর, কর্মকর্তাদের বিভিন্ন সংগঠন, শাবি প্রেসক্লাব, কর্মচারীদের সংগঠন, ছাত্রসংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বাদ জোহর বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভার আয়োজন করা হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



