দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রথম দিন ‘ক’ ইউনিটের এ পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২ টায়। এতে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সিলেট অঞ্চলের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। পরীক্ষায় কোনো ধরণের ক্যালকুলেটর বা ইলেক্ট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ভর্তি পরীক্ষায় যেকোনো ধরণের জালিয়াতি ঠেকাতে প্রশাসন সর্তক অবস্থানে আছে।
প্রক্টর ড. আলমগীর কবির বলেন, যেকোন ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শৃঙ্খলা কমিটি পরীক্ষা শুরুর আগ থেকেই সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার আগে জালিয়াতি চক্রগুলো সক্রিয় হয়ে উঠে। পরীক্ষায় যাতে কোনো ধরণের জালিয়াতির ঘটনা না ঘটতে পারে সেজন্য আমাদের গোয়েন্দা বিভাগ সর্তক অবস্থানে আছে।
এদিকে ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নগরীর বিভিন্ন রোড়ে বিশ্ববিদ্যালয়ের ১২টি বাস চলাচল করে। বাসগুলো সকাল ৮টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাস, সুবিদবাজার, আম্বরখানা, লাক্কাতুরা, মেজরটিলা, শিবগঞ্জ, শাহপরাণ, টিলাগড়, বালুচর, ঈদগাহ, নাইওরপুল, জেল রোড়, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, কদমতলী, কুমারপাড়া, রিকাবীবাজার এসব রোড়ে চলাচল করে। একইভাবে শনিবার (২ অক্টোবর) খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বাসগুলো চলাচল করবে।
অপরদিকে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় শাবি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৭০৯৯ জন শিক্ষার্থী। আগামীকাল শনিবার খ-ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) গ-ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) ঘ-ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) চ-ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমদ জানান, শতভাগ সুশৃঙ্খল ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল ইউনিটের পরীক্ষায় শাবি প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে প্রস্তুতি আছে।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থানীয়ভাবে দিতে পেরে বেশ খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি পরীক্ষা আগামীতেও স্থানীয়ভাবে নেয়ার দাবি তাদের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



